।।বিকে ডেস্ক।।
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরে বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এছাড়া এর ৬ দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।