কদমতলীতে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন : নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

  • ০১:৩৪ পিএম, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার ৪ এপ্রিল রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায়
এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

পরে আগুনের তীব্রতা বিবেচনায় একে একে ৭টি ইউনিট কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের এই সাত ইউনিটের সোয়া ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত বেড়ে পৌঁছেছে ৬ জনে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।

প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা জানান।

নিহত ও আহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ করে টাকা দেওয়া হবে। এখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে, অনেকে নিখোঁজ শোনা যাচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর পর সবকিছু জানা যাবে।

কারখানাটির মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘এ ধরণের অস্বাস্থ্যকর ঝুঁকিপূর্ণ কারখানা জনবহুল এলাকায় যাতে না থাকে, সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আহতদের চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech