Breaking News:


চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল: নতুন নির্দেশনা জারি

  • ১০:২৬ এএম, সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

রবিবার ১১ জানুয়ারী ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে ৩০-৫০ শতাংশ হজযাত্রী পাঠাতে হবে।

তবে কোনো এজেন্সির অনুকূলে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায়, এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো এবং প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ বিমান টিকিট এজেন্সির অনুকূলে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়েই ৩০ শতাংশের কম এবং ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

একই সাথে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

এদিকে হজযাত্রীদের টিকা নেওয়ার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এগুলো হলো—ইউরিন আর/এম/ই, র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট (পি/এ ভিউ) রিপোর্ট, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং।

গত ৬ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই হজযাত্রীরা টিকা নিতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকাকেন্দ্রে জমা দিয়ে টিকা নিতে হবে।

টিকা সম্পন্ন হওয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech