।।বিকে রিপোর্ট।।
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী বৈঠকে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিএনপির সঙ্গে আজ বৈঠকে বসবেন। এতে চলমান রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হবে।
সোমবার ২ জুন বিকাল ৪টা ৩০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার ১ জুন একথা বলা হয়। এ সময় আরও জানানো হয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সোমবার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বক্তব্য দেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা সংলাপের সূচনা করবেন এবং আলোচনা চলমান থাকবে। ঈদুল আজহার আগে এবং পরে আরও কিছু বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাপানে বলেছেন বড় দলগুলোর মধ্যে শুধু একটি দল নির্বাচন চায়।
বিএনপি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সংলাপে যাবে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল। এনিয়ে রোববার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন।
রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সংস্কারের পক্ষে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে সেসব সংস্কার বাস্তবায়নও করব।
জাতীয় ঐকমত্য তৈরি করতে সোমবার থেকে আলোচনা শুরু হবে, আমরা তাতে যাব। তবে আমরা চাই, সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল একমত হয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হোক।
সংলাপে প্রথম ধাপের ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো জানতে চাইতে পারে বিএনপি। তবে নির্বাচন ইস্যুতে অনড় থাকবে দলটি।
এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী বৈঠকে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার ২ জুন বিকেলে এ বৈঠকে দলটির পক্ষে অংশ নেবেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
বৈঠকে সংস্কার প্রক্রিয়াকে আরও কার্যকর করা, একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং সংস্কার বিষয়ে যে অস্পষ্টতা রয়েছে তা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ ফজলুল করীম মারুফ।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয় ১৯ মে। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ করছে।