।।বিকে রিপোর্ট।।
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি, এনসিপি সহ অন্যান্য দলগুলো।
শুক্রবার ২২ আগস্ট দুপুরে জুলাই সনদ নিয়ে দলীয় মতামত ঐকমত্য কমিশনে জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর আগে, গত বুধবার কমিশনের কাছে নিজেদের মতামত জমা দেয় বিএনপি। একইদিন বিএনপি ছাড়াও পাঁচটি দল মতামত জমা দেয়।
অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত প্রদান করে। এ ছাড়া জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ ১১টি দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে মতামত প্রদান করে গতকাল বৃহস্পতিবার।
প্রসংগত, রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত বাড়ানো হয়।
সর্বশেষ গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বিকেল তিনটা পর্যন্ত ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে।
দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল।
তবে, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন।