।।বিকে ডেস্ক।।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়।
শনিবার ২৮ নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৮, লালবাগ বিভাগে ৫৭, ওয়ারী বিভাগে ৭৮, মতিঝিল বিভাগে ৫২, তেজগাঁও বিভাগে ৬৪, মিরপুর বিভাগে ১৬৫, গুলশান বিভাগে ৫০, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।