।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
বুধবার ২৪ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের তাইতুং কাউন্টিতে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিটে তাইতুন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় তাইতুংয়ের বেইনান টাউনশিপে। এছাড়া তাইতুংয়ের পাশাপাশি হুয়ালিয়েন ও পিংতুং কাউন্টিতে ৪ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
এছাড়া কাওশিউং, তাইনান ও চিয়াই শহরসহ নানতো, চিয়াই, ইউনলিন এবং চাংহুয়া কাউন্টিতে ৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, তাইতুনে সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে ভেঙে যাচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছে দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ইউএসজিএস-এর মতে, এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূকম্পন-সক্রিয় এলাকা।
এর আগে সর্বশেষ বড় ভূমিকম্পটি ঘটে ২০২৪ সালের এপ্রিলে, যখন ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী কম্পনে দ্বীপটি কেঁপে ওঠে। সরকারি কর্মকর্তারা জানান, এটি ছিল ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ওই ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হন এবং ভূমিধসের পাশাপাশি হুয়ালিয়েন এলাকায় ব্যাপক ভবন ক্ষয়ক্ষতি হয়।
১৯৯৯ সালে সংঘটিত ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর এটিই ছিল তাইওয়ানের সবচেয়ে ভয়াবহ ঘটনা, যা দ্বীপটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।