Breaking News:


দুইদিনের দ্বিপক্ষীয় সফরে ২৬ মার্চ চীন যাচ্ছেন ড. ইউনূস

  • ১১:২৮ এএম, শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
দুই দিনের সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে দেশটিতে যাবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার আগামী ২৭-২৮ মার্চ চীন সফর করার কথা রয়েছে। তার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে বেইজিং যাওয়ার প্রস্তুতি চলছে।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। পরদিন ২৭ মার্চ ড. ইউনূস বাও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। এর পরদিন তিনি বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। একইদিন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ২৬ মার্চ চীনা প্রেসিডেন্টর পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটিতে যাবেন ড. ইউনূস। সফরের সময় সংক্ষিপ্ত হওয়ায় হাইনানে বাও ফোরামে যোগ দিয়ে চীনা প্রেসিডেন্টর পাঠানো বিশেষ ফ্লাইটে ফের বেইজিং আসতে পারেন তিনি।

গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসর সফর করেন।

সবশেষ চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান উপদেষ্টার প্রথম সফর বেইজিংয়ে হলে শেখ হাসিনাকে দিল্লির আগে সফর না করাতে পারার আক্ষেপ হয়ত ঘুচবে চীনের। আর এটি হয়ত কূটনৈতিক প্রতিশোধ হবে বেইজিংয়ের।
জানা গেছে আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রমপরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে। বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ– গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ। সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা।

উল্লেখ্য, চীনের হাইনান প্রদেশে ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠেয় বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে চীনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হওয়ার পরে বাউ (বিওএও) ফোরাম কনফারেন্সে প্রধান উপদেষ্টা যোগ দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উভয়পক্ষ রাজি হলে এবারের সফরে একাধিক চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

আরেকজন কর্মকর্তা জানান যে এর আগে গত জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীন সফর করেন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে উচ্চপর্যায়ের সফরের বিষয়ে আলোচনা করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech