দুর্গাপূজায় ভারতকে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল উপহার দিল বাংলাদেশ

ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতকে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল উপহার দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী ভারতের প্রতি সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এ উপহার পাঠানো হলো।

সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান আগরতলায় প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাঠানো এই চাল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে। উপহার হিসেবে মূলত ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে চালগুলো।

সকালে ‘চাষী’ ব্র্যান্ডের চালভর্তি পিকআপ আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমস ছাড়করণ সম্পন্ন করে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য চাল পাঠানো হয়েছে, যা হাইকমিশনের মাধ্যমে বিতরণ হবে।”

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন,মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া মেনে দ্রুত ছাড়করণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে উপহারসামগ্রী পাঠানো হয়। এ বছরও সরকার ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। দুই দেশের মধ্যে উৎসব ও বিশেষ দিনে উপহার বিনিময়ের এ প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech