।।বিকে ডেস্ক।।
পার্কে দুই বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ জন টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১০ মে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শুক্রবার ( ৮ মে) ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’ নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরদিন শনিবার হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার ৯ মে পার্কের ব্যবস্থাপক বাদি হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে রোববার (১০ মে) লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে মো. আমিনুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের তমির উদ্দিনের ছেলে।
এছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলামকে (২৩)। তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।