।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের মাঝে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লড়বেন বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ এই ৩ টি আসন থেকে
সোমবার ৩ নভেম্বর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিকভাবে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।
তিনি জানান, দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া-৭ আসন থেকেও লড়বেন তিনি।
এছাড়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তিনশ আসনে অন্তত ৫টি জরিপ চালান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তিনি সাংগঠনিক টিমের মতামত নেন। যেখানে বেশি সংকট মনে হয়েছে, সেখানে নিজে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করেন। সর্বশেষ, গত ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তারেক রহমান।