শিরোনাম :

বঞ্চিত ৬৫ হাজার শিক্ষকরা ন্যূনতম কত টাকা করে পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী

  • ০৮:৫১ পিএম, শনিবার, ১৩ জুন, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে বিগত সময়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যার ফলে ২০২২ সালের পর অবসরপ্রাপ্ত অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা পাননি। বর্তমানে বঞ্চিত প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে প্রদান শুরু হবে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।

শনিবার ১৩ জুন বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’-এরউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও শিক্ষাকে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।’

এ ছাড়া বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

সুত্রঃ আমাদেস সময়

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech