Breaking News:


ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • ১০:৪২ এএম, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানী ঢাকাসহ সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়েছে। এদিন নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

দিনের শুরুতেই ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ৮টায় তার নিজ আসন ঢাকা-১৫ এলাকার ৬০ ফুটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

ভোটকেন্দ্রে তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন,ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।

এদিকে ভোটারদের নির্ভয়ে ও সতর্কভাবে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, এক নতুন ভোরের, নতুন বাংলাদেশের প্রতীক্ষায় একটি ঐতিহাসিক দিনের সূচনালগ্নে দাঁড়িয়ে আমরা। দীর্ঘ প্রতীক্ষা ও ত্যাগের পর আজ সেই দিন যখন মহান আল্লাহর ওপর ভরসা করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা জাতির এক নতুন অধ্যায় গড়ার মিছিলে শামিল হয়েছি।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমার প্রিয় দেশবাসী, ভয়হীনভাবে ভোট দিন সব ভয় ও দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে আপনার পছন্দের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।

একই সঙ্গে তিনি ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকারও আহ্বান জানান। তার ভাষ্য অনুযায়ী, ভোটদান থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত যেকোনো ধরনের কারচুপি, অনিয়ম ও ভোট ডাকাতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। মনে রাখবেন, আজকের এই ভোট শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়; বরং শহীদদের রক্তে রঞ্জিত এমন এক আমানত যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার চাবি। আপনারা অত্যন্ত ধৈর্য ও শৃঙ্খলার সাথে ভোটকেন্দ্রে যান এবং নিজের পবিত্র আমানত রক্ষা করুন।

তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং ভোটাধিকারকে ‘পবিত্র আমানত’ হিসেবে উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech