শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গণভোট মেনে নিলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে)

  • ১১:০৩ এএম, রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর চালানো হত্যাযজ্ঞ, ব্যাপক যৌন সহিংসতা ও নির্যাতনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে ৯–৬ ভোটে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়

বৃহস্পতিবার দেওয়া ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এ রায় দিল আদালত। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণের স্বীকৃতি পাওয়ার ঘটনা এটি মাত্র চতুর্থবার। তবে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আদালত।

রায়ের সময় আদালতের সভাপতি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা করেছে।

আদালত সিদ্ধান্তে জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা সংঘটিত করেছে।

বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় ঐতিহাসিক স্বীকৃতি হিসেবে এসেছে। রায় ঘোষণার সময় শরণার্থী শিবিরে টেলিভিশনের পর্দায় তা দেখেন এক হাজারের বেশি রোহিঙ্গা। এ সময় তারা উল্লাস প্রকাশ করেন।

উইমেনস পিস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও সাবেক রাজনৈতিক বন্দি ওয়াই ওয়াই নু বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের পরিচয় মুছে ফেলা, তাদের অস্তিত্ব অস্বীকার এবং তাদের দুর্ভোগকে তুচ্ছ করার চেষ্টা করেছে। গণহত্যার দায় স্বীকার, পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণের নির্দেশের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ আদালত সেই রাষ্ট্রীয় মিথ্যাকে চিরতরে ভেঙে দিয়েছে।

মিয়ানমার সরকার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী সশস্ত্র বিদ্রোহ দমনে অভিযান চালিয়েছিল। বৃহস্পতিবারের রায়ের বিষয়ে দেশটির সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা করে, নারীদের ওপর ধর্ষণ ও যৌন সহিংসতা চালায় এবং শত শত গ্রাম পুড়িয়ে দেয় বা ধ্বংস করে।

জাতিসংঘের অনুসন্ধানী মিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে আদালত জানায়, ওই অভিযানে অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছিল। আদালতের মতে, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল। আর এ উদ্দেশ্যই গণহত্যার আইনি মানদণ্ড পূরণ করে।

রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।

গাম্বিয়া ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে মামলাটি করেছিল। দেশটির জন্য এ রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। সামরিক অভিযানের কারণে অন্তত সাত লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল।

আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি মিয়ানমারকে নিশ্চিত করতে হবে, বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজেদের বসতভিটায় ফিরতে পারেন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলো পুনরায় একত্রিত হতে পারে।

কক্সবাজার থেকে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি সৈয়দ উল্লাহ বলেন, সবকিছু হারানোর পরও রোহিঙ্গাদের সামনে নানা সংকট রয়ে গেছে, যা আদালতের রায় দিয়ে সমাধান করা সম্ভব নয়। তবে এ সিদ্ধান্ত নিজ দেশে ফেরার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক জেমস গোল্ডস্টন বলেন, আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়তে থাকা সময়ে এ রায় সত্য প্রতিষ্ঠা, দায় নির্ধারণ এবং মানবজাতির অভিন্ন মূল্যবোধ রক্ষায় এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে।

গণহত্যার অভিযোগের বিচার আন্তর্জাতিক আদালতে খুব কমই প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমাররুজ বাহিনীর নৃশংসতার ঘটনায় গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছিল।

১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রয়োগ নিয়ে এক দশকেরও বেশি সময় পর আইসিজের এ গুরুত্বপূর্ণ রায় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ সংঘটনের দায় কীভাবে নির্ধারণ করা হয়, তা বিশ্লেষণে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর প্রভাব মিয়ানমারের বাইরেও পড়তে পারে। ২০২৩ সালে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকার করা মামলাটিও নতুন করে আলোচনায় আসতে পারে। ইসরায়েল ও মিয়ানমার উভয়েই গণহত্যার অভিযোগ অস্বীকার করে নিজেদের সামরিক অভিযানকে সশস্ত্র গোষ্ঠীর হামলার বৈধ জবাব বলে দাবি করে আসছে।

রায়ে আরও বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়াতে সক্রিয় ভূমিকা রেখেছিল। সে সময় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে এ ধরনের বক্তব্য প্রচার করা হয়। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, তারা বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কাজ করেছে এবং জাতিসংঘের তদন্তকারীদের সহযোগিতা করেছে। তবে এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার বিষয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। তারা ৫০০ দিনের বেশি সময় কারাবন্দি ছিলেন।

তবে আইসিজের রায় কার্যকর করার ক্ষমতা সীমিত। রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে আদালতটি। এর রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে সরাসরি প্রয়োগযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ খুবই সীমিত।

এদিকে, সাবেক ঔপনিবেশিক শাসক যুক্তরাজ্য বৃহস্পতিবার মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপের কথা জানানো হবে বলেও জানিয়েছে দেশটি। দুই ব্রিটিশ আইনপ্রণেতা রায় কার্যকরে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পৃথক প্রতিষ্ঠান। আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধের নিষ্পত্তি করে। অন্যদিকে, আইসিসি ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের বিচার করে এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড দিতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech