।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার অভ্যন্তরে হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল না করতে দখলদার ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ১ ডিসেম্বর (স্থানীয় সময়) সামাজিকমাধ্যম ট্রুথে এ নিয়ে পোস্ট দেন ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
প্রোষ্ট্রে ট্রাম্প বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসরাইল সিরিয়ার সঙ্গে একটি শক্তিশালী ও সত্যিকারের সংলাপ বজায় রাখবে এবং এমন কিছু করবে না যা সিরিয়ার একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করে।
এ পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং তাকে আবারও হোয়াইট হাউসে সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, শারা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন যাতে ভালো কিছু ঘটে এবং সিরিয়া ও ইসরাইলের মধ্যে দীর্ঘস্থায়ী ও সমৃদ্ধ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সিরিয়া যেন পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যেতে পারে, সেজন্য ওয়াশিংটন সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে।
শারার ক্ষমতা গ্রহণের পর ইসরাইলের শতাধিক হামলার কারণে উত্তেজনা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল গত শুক্রবারের অভিযান, যেখানে দক্ষিণাঞ্চলীয় বেইত জিন গ্রামে ১৩ জন নিহত হয়। সিরিয়া এই ইসরাইলি অভিযানকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। এদিকে ইসরাইল বলেছে, তারা একটি ইসলামপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেন ইসলামপন্থি আহমেদ আল শারা। আগে তাকে জঙ্গির তকমা দিলেও, সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। সম্প্রতি শারা যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। ট্রাম্প জানিয়েছন, শারার পদক্ষেপে তিনি সন্তুষ্ট।
এদিকে মার্কিন একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার শত্রু হয়ে উঠবে এমন কিছু না করতে ইসরায়েলকে সতর্কতা দেওয়া হয়েছে।
অক্টোবরে গাজায় নাজুক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে আরও শান্তি ফিরিয়ে আনতে সিরিয়া-ইসরাইলের সম্পর্ক উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ট্রাম্প। শারাকে সহায়তায় যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ওয়াশিংটনের দাবি, দামেস্ক এখন ইসলামিক স্টেটবিরোধী বৈশ্বিক জোটেও যোগ দিয়েছে।
এদিকে গোলান মালভূমিতে ১৯৭৪ সাল থেকে ইসরাইল-সিরিয়া বাহিনীর মধ্যে থাকা বাফার জোনে ইসরাইলি সেনাদের পরিদর্শনে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। দামেস্কসহ প্রতিবেশী দেশগুলো এ ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে।