।।বিকে ডেস্ক।।
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার ২৮ জুলাই লালমনিরহাটের দীঘলটারী সীমান্তে সকালে তাদের আটক করা হয় বিকেলে ফেরত পাঠানো হয়।
আটককৃতরা হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিতালদহ (দরিবাস) গ্রামের হামেদ আলীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৬), জাহিদ হোসেন (২৭) এবং একই এলাকার রাজেশ্বর বর্মণের ছেলে অর্জুন বর্মণ (৩০)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৬ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিঘলটারী এলাকায় অবৈধভাবে প্রবেশ করেন হোসনেয়ারা বেগম। তিনি বাংলাদেশে গরু বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এসময় দিঘলটারী বিওপির একটি টহলদল তাকে আটক করে। তার কাছ থেকে একটি গাভি ও দুটি বকনা গরুসহ মোট তিনটি গরু জব্দ করা হয়।
পরে ওই দিন দুপুর দেড়টার দিকে হোসনেয়ারা বেগমকে খুঁজতে তার ছেলে জাহিদ হোসেন এবং স্থানীয় আরেক বাসিন্দা শ্রী অর্জুন বর্মন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকার বাংলাদেশিরা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সীমান্ত পিলার ৯২৬-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবি/দিঘলটারী বিওপির জেসিও-১০৭২৭ নায়েব সুবেদার সনাতন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩/দরিবাস বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই মানজিৎ সিং। বৈঠক শেষে বিজিবি আটক তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।