।।বিকে রিপোর্ট।।
গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার ২ আগস্ট সকাল ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে, এদিন সকাল দশটায় মার্কেটটির পাঁচ তলায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে তিন মিনিটের ব্যবধানে, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ধাপে ধাপে সেখানে পৌঁছায় ১১টি ইউনিট। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এর মধ্যে দুটি ইউনিট স্ট্যান্ড বাই ছিল। কাজ করেছে নয়টি ইউনিট।
ঘটনাস্থলে এসব বিষয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক কাজী নজমুজ্জামান।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে আগুন লেগেছে সেটাও জানা যায়নি। তবে দ্রুতই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে ব্রিফ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় মূলত গার্মেন্টস, কসমেটিকস এবং ছোট ছোট শোরুম রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন লাগা ওই ফ্লোরটি মার্কেটের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় সেটি বন্ধ ছিল। শনিবার সকালে সেখানে লোকজন ছিল।
যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে মোবাইল এক্সেসরিজের গোডাউন রয়েছে। তাছাড়া ওই ভবনে ইলেট্রনিক্স পণ্যসহ বিভিন্ন পাইকারি দোকান রয়েছে। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে সেখানে ছুটে আসেন আশপাশের লোকজন। এরপর মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।
সরেজমিন দেখা গেছে, দুর্ঘটনাস্থলে মার্কেটের আশপাশে প্রচুর উৎসুক জনতা ভিড় করে। তবে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন।