Breaking News:


জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

  • ০৮:১৬ পিএম, বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার ১ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

এস জয়শঙ্করের ঢাকা সফরের ব্যাপারে উপদেষ্টা বলেন, বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। এটা দক্ষিণ এশিয়ার সবাই স্বীকৃতি দেয়। সে কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো।

জয়শঙ্করের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন. আমাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাবার্তা হয়নি। সে রকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও ছিলেন- পাকিস্তানের স্পিকার ছিলেন, তার সঙ্গেও তিনি (জয়শঙ্কর) হাত মিলিয়েছেন। এটা কার্টেসি, যেটা সবাই মেনে চলে। এস জয়শঙ্করের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। সবার সামনেই আলাপ হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক কিছু ছিল না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দুই দেশের উত্তেজনা প্রশমণ করবে কি না- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এর উত্তর আপনাদেরকে আগামীতেই খুঁজতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ৩১ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ ছাড়া, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ডুঙ্গেল, মালদ্বীপের মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথও ঢাকা সফর করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech