এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী।
নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭২টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছেন।
সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধানের দায়িত্বে ছিলেন। এরপর ২০২৬ সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।