।।বিকে ডেস্ক।।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার ১০ মে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আজ ১০০ জন এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করছি। প্রাথমিক তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।
সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারেরও বেশি অ্যাপ্লিকেশন জমা হয়েছিল। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। আগামী ঈদের আগেই আমরা আশা করছি এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আবারো ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।
তিনি আরো বলেন, আমাদের সারা দেশ থেকে এনসিপিতে যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছেন, নেতৃত্ব দিচ্ছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের যারা পরিশ্রমী, গ্রহণযোগ্য, যারা মানুষের উপর কখনো জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না, যাদের সঙ্গে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের পর্যায়ে অপরাধের সম্পৃক্ততা ছিল না; তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আমরা সার্বিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো রাজনৈতিক দল থেকে যদি কেউ আসতে চায়, তাদেরকেও সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।