।।বিকে স্পোর্টস।।
মিরপুর টেস্টে সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী।
মঙ্গলবার ১২ মে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। সেখানে সফরকারীরা ১৬৩ রানে অলআউট হয়।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তিনি উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ২ রান করা ইমাম-উল-হককে ফেরত পাঠান।
মধ্যাহ্নভোজ থেকে ফিরে অবশ্য ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল। এ জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তিনি ওয়াইসকে ১৫ রানে বোল্ড করেন। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে ব্যক্তিগত ২ রানে ফেরান নাহিদ রানা।
দ্বিতীয় সেশনের পর ১১৩ বলে ৬৬ রানে এক প্রান্ত আগলে রাখা আব্দুল্লাহ ফজলকে শেষ পর্যন্ত তাইজুল আউট করেন। ৩২ তম ওভারে তার পঞ্চম বলে এলবিডব্লু হন পাকিস্তানের এই বাঁহাতি। রিভিউ নিয়ে ফজলকে আউট করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে চতুর্থ উইকেটে সালমান–ফজলের ৫১ রানের জুটিও ভাঙে।
এরপর ৩৩ তম ওভারের চতুর্থ বলে তাসকিনের বলে সাদমানকে ক্যাচ দিয়েছেন সালমান আগা। ২৬ রানে আউট হন তিনি। ৬ বলের মধ্যে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ।
ক্রিজে থিতু হতে যাওয়া দুই পাকিস্তানি মিডঅর্ডারকে তুলে জোড়া আঘাত করেন নাহিদ রানা। ৪৫ ও ৪৭তম ওভারে তিনি সৌদ শাকিল (১৫) ও মোহাম্মদ রিজওয়ানকে (১৫) ফেরান। শাকিল উইকেরক্ষট লিটনের কাছে ক্যাচ দেন। আর রিজওয়ানকে বোল্ড করেন গতি তারকা নাহিদ।
নাহিদ এরপর নোমান আলী ও শাহীদ শাহ আফ্রিদিকে ফিরিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে ৫ উইকেট শিকার করেন। মাঝে হাসান আলীকে এলবি করেন তাইজুল ইসলাম।
নাহিদ মাত্র ৯.৫ ওভারে ৪০ রানে ৫টি উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন তাসকিন আহমেদ ও তাইজুল।
এর আগে দিনের শুরুতে ফের ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে মুশফিকুর রহিমকে হারায়। আগের দিনের অপরাজিত থাকা এই ব্যাটার হাসান আলীর বলে ২২ রানে আউট হন। এরপর আরেক অপরাজিত নাজমুল হোসেন শান্ত ছাড়া সেভাবে আর কেউই দাঁড়াতে পারেনি। অধিনায়ক প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এবারও তিন অঙ্কের ঘরের খুব কাছে পৌঁছান। তিনি ১৫০ বলে ৭টি চারে ৮৭ রান করে নোমান আলীর বলে এলবি হন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৭ বলে ২৪ রান করেন। বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে।
পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী ও নোমান আলী ৩টি করে উইকেট নেন। আর শাহীন শাহ আফ্রিদি ২টি উইকেট দখল করেন।
এর আগে বাংলাদেশ চতুর্থ দিন ৩ উইকেট হারিয়ে ১৫২ রানে দিন শেষ করে। যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছিল।
প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচ সেরা হন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য ২০ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এই দুই দশকে টানা ১১টি ম্যাচে হেরেছে টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে মিলেছে প্রথম জয়ের দেখা। দুই ম্যাচের ওই সিরিজে ২-০ ব্যবধানেই জিতেছিল বাংলাদেশ। আর এবার মিরপুর টেস্টেও পাকিস্তানকে হারালেন শান্তরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ ডিক্লেয়ার
পাকিস্তান: ৩৮৬ ও ১৬৩