।।বিকে ডেস্ক।।
শুধু পদত্যাগ করলেই হবে না, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার কথাও বলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার ২৩ জুলাই সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে
শহরের ফৌজদারি মোড়ে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, আমরা মনে করি, ‘ফ্যাসিবাদের দোসর’ চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ ‘গণহত্যায়’ তার সমর্থন রয়েছে। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
এত বছর পর কেন রাষ্ট্রপতির মনে হল তার পদত্যাগ করা প্রয়োজন-এমন প্রশ্ন তুলে নাহিদ বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়ত সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
বিএনপি সরকার দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। পাঁচ মাসেও তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে কীভাবে দেশ পরিবর্তন করবে?
একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ।
তিনি বলেন, আমরা দেখেছি, বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছেন। কোনো জনপ্রিয় ব্যক্তি, এমনকি নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেন নাই। তারা সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করেন। কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের ওপর তো কোনো আস্থা নেই, আরও সম্পূর্ণরূপে সকল আস্থা চলে যাবে।
সমাবেশে এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে দলটির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন বক্তব্য দেন।
এদিন বিকালে এনসিপির নেতাকর্মীরা শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।