শিরোনাম :
আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির

  • ১০:২৬ এএম, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে- বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না-এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এর আগে, শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসেন হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech