।।বিকে ডেস্ক।।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছেন সিপিবি ও বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার ৮ অক্টোবর দুপুর ২টা থেকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির বিরোধিতা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং চুক্তি বাতিলের দাবি জানান।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের কনসেশন চুক্তি সই হয়।
এর আগে, দুপুর পৌনে ৩টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এতে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বলেন, আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমাদের শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে ব্যাপক লাঠিপেটা করেছে। এতে আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন।