।।বিকে ডেস্ক।।
রাজধানীতে অবস্থিত কড়াইল বস্তিতে আগুন লেগেছে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রবিবার ১৫ নভেম্বর ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তারা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ
গ্রাম।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কলোনির পশ্চিমপাড়ায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। বস্তির ঘরগুলো গাদাগাদি করে তৈরি হওয়ায় এবং দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তাদের টানা চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভানোর আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরিন আখতার অগ্নিকাণ্ডে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্র নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে পুলিশ।