।।বিকে ডেস্ক।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের বাসভবন, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার ১৫ নভেম্বর বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার অন্তত ১০টি স্থানে এই তাণ্ডব চালানো হয়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সদ্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এসব অরাজকতা তৈরি করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রোববার দুপুর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত দফায় দফায় এই তাণ্ডব চলে। দুপুর ২টার দিকে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপির দুই সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পাটগাতী বাজারে একটি মিছিল থেকে যুবদলের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মাত্র আধা ঘণ্টা পর বিকেল ৪টায় শ্রীরামকান্দি এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের বাড়িতে আগুন দেওয়া হয়।
হামলা ও ভাঙচুর অব্যাহত থাকে সন্ধ্যা ও রাতেও। বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়ার পাশাপাশি টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
রাত ৮টার দিকে পাটগাতী বাজারে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয় হামলাকারীরা। একই সময় হামলা হয় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও। রাত সাড়ে ৮টার দিকে পাটগাতী মধ্যপাড়া গ্রামে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির বাড়িতে ভাঙচুর চালান নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। সবশেষ রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে শনিবার ১৪ নভেম্বর বিকালেও বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে এবং রাতে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা। নিজের পুড়ে যাওয়া বাসভবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেখানে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কেবল বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা আমাদের বাড়িঘর ভাঙচুর করবে, পুড়িয়ে দেবে! আমরা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এসব নাশকতার বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী রোববার রাতে বলেন, “দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের কথা আমি শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। সংকলিত।।