।।বিকে ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঞ্জিল পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার ২২ নভেম্বর রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকার চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসচালকের বরাতে তিনি বলেন, বাসে দুজন যাত্রী ছিলেন এবং তাঁরা নেমে যাওয়ার পরপরই বাসের পেছনে আগুন দেখা যায়।
চালকের ধারণা, যাত্রীবেশে ওই দুজনই বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পালিয়ে গেছেন।
এদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, দুজন যাত্রী নেমে যাওয়ার পরই বাসে আগুন লাগার বিষয়টি তাঁরা জেনেছেন। তবে এটি অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসের ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।
তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, বাসে দুই জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।