।।বিকে রিপোর্ট।।
তিন দফা দাবি আদায়ে গণ–অনশনসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। একই সঙ্গে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাবেন তাঁরা।
বৃহস্পতিবার ১৫ মে দিবাগত রাত পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার ১৬ মে সকাল ১০টায় রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ হবে। জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ-অনশনে বসবেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেনডেন্স আজ থেকে যমুনায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।
কর্মসূচি ঘোষণা করে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, আজকে দুই দিন অতিবাহিত হতে চলছে। সরকারের কর্ণকুহরে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে না। আমরা এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাইনি। ওনারা (সরকার) আমাদের কথা শুনছেন না, আমাদের কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।
দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘হয় দাবি আদায় হবে, না হয় আমরা স্থান ত্যাগ করব না, যতক্ষণ না আমাদের মৃত্যু হয়। যখন আমরা গ্রিন সিগন্যাল পাব, আমাদের দাবি মেনে নেওয়া হবে; তাৎক্ষণিক আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব।
৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন করছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যাপক রইছউদ্দীন বলেন ‘আমরা অধিকার জানাতে এসেছি। আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে পুলিশ। এটি অরাজকতা ও অন্যায়। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।’
এর আগে, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ১৪ মে’কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালো দিন’ হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জবি শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আহত হন বহু শিক্ষক-শিক্ষার্থী।
এরপর বেলা দুইটা থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন থেকে সেখানে চলছে তাদের লাগাতার অবস্থান।