Breaking News:


জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করার প্রত্যাশা

  • ০১:৪৬ পিএম, রবিবার, ২০ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করতে চান বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রবিবার ২০ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্যের বিষয়গুলো নিয়ে ঐকমত্য গড়ে দ্রুত জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে, দ্বিতীয় দফায় পঞ্চদশ দিনের বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা আপনারাও (রাজনৈতিক দল) নিঃসন্দেহে চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। কিছু কিছু বিষয় আছে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।

উল্লেখ্য, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ সংলাপের আলোচ্যসূচিতে রাখা হয়েছে– তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান।

আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। যেটা আপনাদের-আমাদের সবার ইচ্ছা ও প্রচেষ্টা। দেশের জনগণও সেটাই প্রত্যাশা করছেন।

উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে কমিশনকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আশা করেছিলাম শুক্র ও শনিবার একটা আলোচনার মধ্য দিয়ে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারব।

কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থান পর্যালোচনা করছি।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার বিষয়ে আলী রীয়াজ বলেন, বেশ কয়েকদিন ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি ও জামায়াতের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলাম। সেটা নিয়ে বিভিন্নভাবে পর্যালোচনার পর সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। যা দলগুলো ও গত কয়েকদিনের আলোচনার সারাংশের ভিত্তিতে করা হয়েছে। আশা করছি আজ আলোচনার মাধ্যমে পরিণতির দিকে যেতে পারব।

তিনি বলেন, বিগত ১৪ বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা যুক্ত ছিলাম। সে জায়গায় আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টার কাঠামো নিয়ে একমতের জায়গায় আসতে পারব। কমিশন শুধু আশা করে না, বিশ্বাস করে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

উল্লেখ্য, এর আগে, গত মঙ্গলবার ১৫ জুলাই কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ বৈঠক হয়। ওইদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে দলগুলো একমত হয় এবং দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বেশিরভাগ দল সমর্থন জানিয়েছে বলে জানান কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এর পরদিন বুধবার ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিশনের সদস্যদের একটি সভা হয়। সেখানে পূর্ববর্তী ১৪ দিনে কমিশনের সঙ্গে ৩০টি রাজনৈতিক দলের অনুষ্ঠিত ধারাবাহিক আলোচনার বিভিন্ন দিক ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মতবিরোধ দূর করতে সম্ভাব্য প্রস্তাব ও নীতিগত দিক নিয়েও আলোচনা হয়।

বৃহস্পতিবার ১৭ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৈঠকে তিনি কমিশনকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে বৈঠকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়। সদস্যরা জানান, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

প্রধান উপদেষ্টা কমিশনের কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান।

কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বিষয়, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া, রাষ্ট্রপতির ক্ষমার বিধান নিয়ে আইন প্রণয়ন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ ও উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপন বিষয়ে ঐকমত্য হয়েছে।

কমিশন জানিয়েছে, চব্বিশের আন্দোলনে শহীদ, আহত ও নির্যাতিতদের বীরত্বের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা থেকে জুলাই মাসের ৩০ তারিখের মধ্যে জুলাই সনদ প্রণয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech