শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

  • ১০:২৮ এএম, বুধবার, ৩ জুন, ২০২৬

।।বিকে রিপোর্ট।।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার ২ জুন (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।

এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের প্রার্থী হিসেবে আন্দ্রেয়াস এস. কাকৌরিস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১৯০টি দেশ ভোট দিয়েছে। এর মধ্যে ৯৯টি দেশের ভোট পেয়েছেন ড. খলিলুর। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে ড. খলিলুর রহমানকে জয়ী করতে নিরলস কাজ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। নির্বাচনে দেশে-দেশে কুটনৈতিকভাবে ড. খলিলুর রহমানের পাশাপাশি যোগাযোগ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল।

এই বিজয়ের মাধ্যমে প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচিত হতে প্রায় চার বছর আগে থেকেই কূটনৈতিক প্রচার শুরু করেছিল বাংলাদেশ। এ পদে প্রথমে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করলেও পরে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে নির্বাচিত হন। এ নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোটাধিকার থাকে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থী সভাপতি নির্বাচিত হন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech