Breaking News:


জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

  • ০১:৪৪ এএম, শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  সুশাসন, সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র গড়ে তুলতে তিনি সবার সহযোগিতাও কামনা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়া বিএনপির সরকার দেশ গড়ার ক্ষেত্রে মেধা ও প্রযুক্তিকে গুরুত্ব দেবে জানিয়ে তিনি বলেন, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলে প্রাধান্য দিয়ে কাজ করবে বিএনপি। যেখানে মেধা ও প্রযুক্তিনির্ভর দেশ গড়াকে গুরুত্ব দেওয়া হবে।

বিএনপির সরকার তিনটি বিষয়কে গুরুত্ব দেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, আমরা তিনটি জিনিসকে সবচাইতে গুরুত্ব দিচ্ছি, আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূল করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদার ভিত্তিতে বিএনপির সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। যেখানে সমতা ও পারস্পরিক সম্পর্কও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech