।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অন্যদিকে এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার ৭ মে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, এএফপি ও সংবাদমাধ্যম আল জাজিরা।
গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।
তিনি আরও বলেন, আসলে সবাই জানতো কিছু একটা হতে পারে। তারা বহু দশক বা বলতে গেলে শতাব্দী ধরে লড়াই করে আসছে। আমি শুধু চাই এটা দ্রুত শেষ হোক।
খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, পাকিস্তান-ভারতের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
অন্যদিকে জাতিসংঘ মহাসচিব ‘উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম’ পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।
এতে আরও বলা হয়, তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম পালনের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারবে না।
প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারতের সামরিক জবাবের সম্ভাবনা ছিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেছিলেন। পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত। নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি।
গতকাল মধ্যরাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে বলে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।
পাকিস্তানের সামরিক মুখপাত্র লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার সকালে জানান, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
পাকিস্তানও পাল্টা আক্রমণ চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।
পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের আগ্রাসনের জবাবে আমরা উপযুক্ত প্রতিশোধ নিচ্ছি।
পাকিস্তানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভারতীয় সেনা সদর দপ্তর ধ্বংস করেছে বলেও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। এছাড়া ধুন্ডিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি পোস্টও ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এআরওয়াই নিউজকে বলেছেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই হামলা করেছে। তারা কখনো তাদের ঘর থেকেই বের হয়নি। তারা বেরিয়ে আসুক, আমরা সমুচিত জবাব দেব।
পাকিস্তান কী সিদ্ধান্ত নিয়েছে, জানতে চাইলে খাজা আসিফ উত্তরে বলেন, পাকিস্তান প্রতিশোধ নেবে। তিনি আরও বলেন, তাদের হামলার তুলনায় অনেক বড় পরিসরে আমরা এর জবাব দেব।