Breaking News:


রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

  • আপলোড টাইম : ০৯:৫৩ পিএম, বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৬ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ। তবে, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেওয়ার পর প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার।

বৃহস্পতিবার ২৯ মে বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকের পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের শিরোনাম দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

এরআগে, দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেন।

পরে আপিল বিভাগ জানায়, শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন।

এদিকে শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইলো সে প্রশ্নও তুলেছেন সর্বোচ্চ আদালত।

আদালত বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা প্রত্যাশা করে না দেশের মানুষ। পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ১ জুন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির মেয়াদ উত্তীর্ণ হবে।

২৭ এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশের পর শপথের বিষয়টি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার, আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ পর্যন্ত গড়াল। সবশেষ ইশরাকের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের আপিল বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়।

তবে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন যে গেজেট জারি করেছিল, আদালত তাতে হস্তক্ষেপ করেনি বলেও মন্তব্য করেন এ আইনজীবী। কিন্তু এ মামলার দুই পক্ষের আইনজীবীরা এ বিষয়ে দুই রকম কথা বলেছেন।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালত যেহেতু বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছে, তারা মনে করছেন, ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের আর কার্যকারিতা নেই।

অন্যদিকে ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলছেন, “গেজেট এখনও বহাল আছে। আমরা মনে করি, সরকার তাকে শপথ পড়াবে, এটা সরকারের দায়িত্ব ছিল তাকে শপথ পড়ানো।”

অন্তর্বর্তী সরকার আদালত ‘অবমাননা’ করছে দাবি করে ইশরাক হোসেন বলেছেন, শপথ পড়ানোর শেষ সুযোগ দেওয়া হচ্ছে, অন্যথায় কাল (শুক্রবার) থেকে কঠোর আন্দোলন।

টানা ১৬ দিন ধরে ইশরাক সমর্থকদের আন্দোলন চলছে। ১৪ মে ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতা-কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনে আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, “আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এই আপিল নিষ্পত্তির মাধ্যমে আমরা যে- শুরু থেকে আইনের শাসনে বিশ্বাসী, আইনের প্রতি শ্রদ্ধাশীল; বাংলাদেশে আইনের শাসনকে সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আদালতে যে মামলা করেছিলাম, পূর্ণাঙ্গ আস্থা আমরা রেখেছিলাম- সেটা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech