Breaking News:


শেষ হলো পোস্টাল ভোট নিবন্ধন : নিবন্ধিত হলেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার

  • ০২:২৮ পিএম, মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। সোমবার ৫ জানুয়ারি অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

‎মঙ্গলবার ৬ জানুয়ারি প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন হয় ১৮ নভেম্বর। এরপর থেকে নিবন্ধন চালু হয়। আর তফসিল ঘোষণার পর দেশে নিবন্ধন শুরু হয়। এ নিবন্ধনের সময় শেষ হয়েছে সোমবার রাত ১১ টা ৫৯ মিনিটে।

‎‎ইসির প্রকল্পের টিম লিডার জানান, প্রবাসে ও দেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে যারা নিবন্ধিত হয়েছেন তাদের মধ্যে দেশের ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন; বাকি ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন হলেন প্রবাসী বাংলাদেশী।

ইসি’র তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপরই ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৭ হাজার ৯৪৩ জন ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে। যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, আগামী ১০ জানুয়ারির মধ্যে তারা তা হাতে পাবেন।

তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

আরও জানা যায়, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা দিতে মেসেজ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech