।।বিকে রিপোর্ট।।
জনগণ উচ্ছৃঙ্খল হয়ে গেলে অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সব সময় মব নিয়ন্ত্রণ করা যায় না- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি ‘মব’ রোধে সচেনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার ৬ মার্চ রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশের প্রধান সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।
ক্ষমতার পালাবদলের পর দেশে ‘মব ভায়োলেন্স’ এর ঘটনা ঘটছে। পুলিশ, বিদেশিরাও এই ধরনের সন্ত্রাসের শিকার হচ্ছেন, বাসাবাড়িতে লোকজন ঢুকে তছনছ করছেন। অধিকাংশ ক্ষেত্রে এসব সন্ত্রাসীরা নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয় দিচ্ছেন। এসব ঘটনা গত ছয় মাসেও নিয়ন্ত্রণে করা যায়নি।
এসব মব জাস্টিস প্রসংগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দ্বিমত করব না, হচ্ছে। তবে যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের ওপরেও হামলা হচ্ছে। এ ক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে।
এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি দেখবেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এসবের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। জনগণ এতো উচ্ছৃংখল হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এক সাংবাদিক জানতে চান ‘ছাত্র-জনতা’ চাইলে কোথাও কোনো অভিযান চালাতে পারে কি না। জবাবে তিনি বলেন, এটার ক্ষেত্রে কারো কোন অধিকার নেই, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর সুযোগ নেই।
ট্যুরিস্ট পুলিশের জনবলের অনেক ঘাটতি রয়েছে তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এদের নিজস্ব কোন ভবন নেই। যানবাহনের অনেক সমস্যা রয়েছে। আমাদের ট্যুরিস্ট পুলিশ অ্যাকটিভ হলে বিদেশি ট্যুরিস্টরা দেশে আসবে এবং অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।
হাইওয়েতে গাছ ফেলে ডাকাতি হচ্ছে এ ব্যাপারে করণীয় বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টাঙ্গাইল রাজশাহী রুটে এসব হচ্ছে বেশি, তবে ভবিষ্যতে যেন না হয় ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি এসব ডাকাতি রোধে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।