।।বিকে ডেস্ক।।
আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে দেশের আবাসন খাতের বড় আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। ৪ দিন ব্যাপী এই মেলা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
সোমবার ২৭ জুলাই রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার (২০২৬-২০২৮) প্রথম সভা শেষে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়।
ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় স্থান পাবে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প এবং আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠানের স্টল।
মেলায় আবাসন স্বপ্ন প্রত্যাশী সাধারণ মানুষ ও দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন ধরনের ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং প্রপার্টি বিনিয়োগ-সংক্রান্ত সার্বিক তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগ পাবেন।
সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি এ এফ এম ওবায়দুল্লাহ, মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, সঞ্জয় চক্রবর্তী, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান।