Breaking News:


শিরোনাম :
জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে রণক্ষেত্র, পাল্টাপাল্টি অভিযোগ দেশে চাহিদার চেয়ে ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত আছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদ উপলক্ষ্যে রেমিট্যান্স প্রবাহে গতি: প্রতিদিন আসছে গড়ে দেড় হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ ঢাকাসহ সারাদেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

  • ১১:৪৫ এএম, সোমবার, ১৮ মে, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

রবিবার ১৭ মে সংঘটিত এই ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে থাকা একটি বাহ্যিক বৈদ্যুতিক জেনারেটরে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এবং তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আমিরাতের পারমাণবিক কেন্দ্র পরিচালনা সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম এই হামলার কারণে ব্যাহত হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, সব ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে কেউ এই ড্রোন হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে, আরব আমিরাতও প্রকাশ্যে কোনও দেশকে দায়ী করেনি।

আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল সীমানার বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিরাতের পারমাণবিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন’ (এফএএনআর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আশ্বস্ত করেছে, এই অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রের মূল নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। কেন্দ্রটির তেজস্ক্রিয়তার মাত্রাও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বর্তমানে কেন্দ্রের সবকটি ইউনিট বরাবরের মতোই সচল ও স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে।

উপসাগরীয় অঞ্চলের বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলা চালানো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। আমিরাত সরকারের পক্ষ থেকেও এই হামলার জন্য নির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীকে সরাসরি দায়ী করা হয়নি।

পরে এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘সফলভাবে’ দুটি ড্রোন ঠেকিয়েছে। তবে তৃতীয় একটি ড্রোন বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে জেনারেটরে আঘাত হেনেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনগুলো ‘পশ্চিম সীমান্ত’ থেকে উড়ে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি। হামলা কোথা থেকে হয়েছে তা নিশ্চিত করে জানতে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা শুরুর পর থেকে এর প্রতিক্রিয়ায় তেহরানের কাছ থেকে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে আরব আমিরাত।

ভিয়েনাভিত্তিক জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ‘আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা’ (আইএইএ) জানিয়েছে, এ ঘটনার ফলে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি এ হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনার জন্য হুমকি এমন কোনো সামরিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরব উপদ্বীপের প্রথম এবং একমাত্র সচল পারমাণবিক কেন্দ্র। ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম চার চুল্লিবিশিষ্ট অত্যন্ত সংবেদনশীল এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হলো। কেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে আবুধাবির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech