Breaking News:


আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি‎

  • ১২:২০ পিএম, রবিবার, ১০ মে, ২০২৬

।।বিকে রিপোর্ট।।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ৯ মে বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

জানা গেছে, ২০২৫-২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে তাদের মিয়ানমারে সংগঠনটির বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করে আটক রাখা হয়। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং একজন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন)।

বিজিবি জানায়, মানবিক বিবেচনায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। দীর্ঘদিনের প্রচেষ্টা, সমন্বয় ও আলোচনার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফেরানোর বিষয়ে অগ্রগতি অর্জিত হয়। এর ধারাবাহিকতায় গতকাল বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূণ্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ১৪ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিতের কাজও চলমান রয়েছে।
বিজিবি বলছে, এ সফল উদ্যোগে আটক জেলেদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এ প্রত্যাবর্তনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এখনও আটক থাকা অন্য জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের ফলেই আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আটক থাকা অপর জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech