।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার ৯ মার্চ মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, ‘আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, ‘এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।’
গত ৪ মার্চ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন। তিনি বলেন, ‘ইরানের সন্ত্রাসী সরকার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও এ অঞ্চলের দেশগুলোর প্রতি হুমকি সৃষ্টি করতে এবং ইরানের জনগণকে নিপীড়ন করতে নতুন কোনো নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করা হবে। তার নাম যা-ই হোক না কেন এবং তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে হত্যা করা হবে।’
এর আগে মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না। তিনি বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তাহলে তিনি বেশি দিন টিকবেন না।’