।।বিকে রিপোর্ট।।
কয়েকটি রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচন নিযে কোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রতি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান।
বৃহস্পতিবার ৬ নভেম্বর যশোর টাউন হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা বাস্তবায়ন করুন। সনদে স্বাক্ষর করার পরে নতুন নতুন বিষয় সংযুক্ত করার অশুভ চিন্তা কোনো ভালো কিছু বয়ে আনবে না।
অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কয়েকটি রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। যার পরিণাম ভালো হবে না। তাদেরকে জনগণ ক্ষমা করবে না।
তিনি বলেন, নির্বাচনের দিনই দেশে গণ ভোট অনুষ্ঠিত হবে। তার আগে দেশে গনভোট হতে দেওয়া হবে না । তাই নির্বাচন নিয়ে কোন প্রকার তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের সিডিউল দিন।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করুন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
বিএনপি মহাসচিব বলেন, তরিকুল ইসলাম একজন ক্ষণজন্মা রাজনৈতিক নেতৃত্ব। যিনি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে রক্ষা করতে আজীবন সংগ্রাম করেছেন। আজীবন সংগ্রামী মরহুম তরিকুল ইসলাম আজন্ম মানুষের জন্য রাজনীতি করেছেন। আজীবন তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। শত অত্যাচার নির্যাতন সহ্য করেও আদর্শের প্রতি অবিচল ছিলেন।
ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছিলেন। কিন্তু আজ সেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তিনি আর আমাদের মাঝে নেই। তরিকুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেননি। আজকের বাংলাদেশে তাঁর খুব বেশি প্রয়োজন ছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর মজলুম নেতা তরিকুল ইসলামের জীবন সম্পর্কিত একটি বই প্রকাশ করার আহবান জানান। তিনি বলেন, তরিকুল ইসলাম মানুষের হৃদয় ছুঁতে পেরেছেন। যিনি দেশকে ভালোবেসে এবং দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার সেই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভা থেকে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
এ ছাড়া যশোরের ৫টি সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু। স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংকলিত।