।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
শনিবার ৬ ডিসেম্বর বেলা তিনটা ২০ মিনিটের দিকে হাসপাতালের ফটক দিয়ে জুবাইদা রহমানের গাড়ি ঢুকতে দেখা যায়।
উল্লেখ্য, জুবাইদা রহমান গতকাল লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। তিনি শ্বাশুড়িকে দেখতে গতকাল বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন জুবাইদা রহমান।
পরে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান। অবশ্য তিনি আগে থেকে শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।
আজ আবার বিকালে আবার তিনি হাসপাতালে আসেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ভাবী বিকাল ৩টা ৩৮ মিনিটে এভার কেয়ার হাসপাতালে আসেন। এই মুহর্তে তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন। গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেন ভাবী। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দু বানু রয়েছেন।
রুমন জানান, সার্বক্ষণিক জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে দেখভাল করছেন এবং বেগম খালেদা জিয়ার শয্যার পাশে থাকছেন। ধানমন্ডির বাসায় আসলেও টেলিফোনে টাইম টু টাইম তার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছেন।
প্রসংগত, গত ২৩ নভেম্বর থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সাথে সাথে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
বাসসের খবরে জানা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে আজ শনিবার জানিয়েছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে তিনিই এই বিষয়ে যোগাযোগ করছেন।