।।বিকে ডেস্ক।।
বেতন-ভাতা বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আবারও গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করে তাঁদের এই আন্দোলনের খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই আশপাশের অন্যান্য কারখানার হাজার হাজার শ্রমিকও কাজ বন্ধ করে তাঁদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ এই শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন এবং সড়কটিতে সর্বাত্মক অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভাঙচুর এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা মোতায়েন রয়েছেন। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।