Breaking News:


শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিরোধী দলীয় জোটের সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: আইজিপি বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না ইরান, হুঁশিয়ারি পেজেশকিয়ানের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা : ১৯ দিনে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি বাংলাদেশ-ইইউ পিসিএ চুক্তি স্বাক্ষর : সম্পর্কে যুক্ত হলো নতুন মাত্রা ভোরে মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু : অংশগ্রহণ করছেন সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ৩ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা, অন্যত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

ঘন কুয়াশার সাথে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঢাকাতেও মাঝারি কুয়াশা

  • ১১:৫৮ এএম, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

পৌষের প্রথম সপ্তাহেই ঘন কুয়াশার সাথে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে গেছে জনপদ। উত্তরী হিমেল বাতাসে তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সূর্যের দেখা মিলছে না দিনের পর দিন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপও। পঞ্চগড়, নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর ও বগুড়া প্রতিনিধিদের পাঠানো খবর-

পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শুরুতেই শীতের তীব্রতা বেড়েছে। হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো এলাকা। গতকাল রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়, শীতের কাপড় ছাড়া বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়ে। হাটবাজারে লোকসমাগম কমেছে। শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।

নওগাঁ : নওগাঁয় হিমেল হাওয়া ও কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। এদিন সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ভ্যানচালক ও দিনমজুররা বলেছেন, শীতের মধ্যে কাজ করা কষ্টকর হলেও পেটের দায়ে বের হতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা : সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন।

হিলি (দিনাজপুর) : হিলিতে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। সূর্যের দেখা না মেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতজনিত রোগে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।

বগুড়া : এদিন সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত। শীত থেকে বাঁচতে অনেককে আগুন পোহাতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে সারাদেশের সাথে সাথে রাজধানীতেও লেগেছে শীতের হাওয়া। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর সাথে মাঝারি কুয়াশায় ঢেকে ছিল রাজধানী।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech