।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভূগর্ভে আটকা পড়েছেন আরও ৩৮ জন শ্রমিক।
শুক্রবার ২২ মে চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির নিচে প্রায় ২৪৭ জন শ্রমিক ছিলেন। কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শনিবার ভোর পর্যন্ত ২০১ জনকে নিরাপদে ভূ-পৃষ্ঠে ফিরিয়ে আনা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
সিনহুয়ার তথ্যমতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, শানশি প্রদেশ চীনের প্রধান কয়লাখনি অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনে গ্রিসের চেয়েও বড় এবং প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস এই প্রদেশে। গত বছর এখানকার লাখো খনি শ্রমিক প্রায় ১৩০ কোটি টন কয়লা উত্তোলন করেছেন, যা চীনের মোট কয়লা উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।