।।বিকে ডেস্ক।।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছানোর পরপরই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার ২২ নভেম্বর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে ভুটানের প্রধানমন্ত্রী সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধের প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন।
এর আগে আজ সকাল ৮টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজাজাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় তিনি তাঁর সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।সূত্র-বাসস।