তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া সফল উদ্যোগের ধারাবাহিকতায় খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। তার দেখানো পথ ধরে কৃষকদের দুর্ভোগ লাঘবেই এই উদ্যোগ। এর মাধ্যমে মরাখালে জোয়ার-ভাটা ফিরিয়ে এনে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ন্যায্য পানি নিশ্চিত করা হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল কনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সুফল মিলেছিল- তা আজ প্রমাণিত। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে, তাও প্রমাণিত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমান নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।
খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একই সঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এ কাজ আরও ত্বরান্বিত করা হবে।
এ সময় তিনি সেখানকার প্রান্তিক কৃষকসহ স্থানীয়দের সঙ্গে খাল খননসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।