ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) উভয় আসনে ‘ধানের শীষ’ প্রতীকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দু’টি নির্বাচনী আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭-এ এরই মধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তবে, বগুড়া-৬ (সদর) আসনে ‘ধানের শীষ’ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন দু’ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ভোট অন্তর্ভুক্ত হয়নি।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের আবু নুমান মো: মামুনুর রশিদ পেয়েছেন দু’ হাজার ৫০৮ ভোট। বাসদের প্রার্থী দিলরুবা নুরী (মই প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি (তারা প্রতীক) পেয়েছেন ২৭৬ ভোট।
বগুড়া-৬ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রে তিন লাখ ১৭ হাজার ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৭১ দশমিক ০৩ শতাংশ। ইউএনবি