Breaking News:


দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক

  • ১০:১২ এএম, শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৯৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রয়েছেন। আহতদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে।

শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, এখন পর্যন্ত ৯৬ জন চিকিৎসা নিয়েছে। অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন আবার অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে দ্বিতীয় দফায় এই সংঘর্ষ শুরু হয়। রাত ৮টা ২০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

এর আগে সন্ধ্যা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বারডেম হাসপাতালের পাশ থেকে পুলিশের একটা দল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশকে ধাওয়া দেন।

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, জাবেরের শরীরে স্প্রিন্টার জাতীয় কিছু একটা থাকতে পারে। তবে সেটি গুলি কি-না নিশ্চিত না।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবার সন্ধ্যার দিকে শাহবাগের মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহতদের রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশায় করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ভেতরে নিয়ে আসা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। কর্মসূচিকে ঘিরে পুলিশ আগে থেকেই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ব্যারিকেড বসায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech