।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচার শুরু করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার ১৪ নভেম্বর জুমার নামাজের পর দিনাজপুর জেলা বিএনপির নেতারা শহরের শেখ ফরিদ গোরস্তানে শায়িত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাবা-মা ও বড় বোনের কবর জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেন।
এ সময় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ নেতারা।
মোফাজ্জল হোসেন দুলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাবা-মা এবং তার বড়বোনের কবর জিয়ারত করলাম। আমরা দোয়া করলাম যাতে আমরা বিপুল ভোটের ব্যবধানে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়াকে নির্বাচিত করতে পারি।
দীর্ঘ ১৭ বছর আগে থেকে দিনাজপুরের যে উন্নয়ন থমকে আছে, সেই উন্নয়নের চাকা আবার সচল করতে পারব বলে আমরা বিশ্বাস করি।
বখতিয়ার আহম্মেদ কচি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। তিনি দিনাজপুর সদর আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন- এ খবরটি শোনার সঙ্গে সঙ্গে দিনাজপুরবাসী আনন্দে উচ্ছ্বসিত হয়ে যান। সেই সঙ্গে দিনাজপুরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে তাকে বিজয়ী করার লক্ষ্যে বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার পুরনো আসন বগুড়া-৭ ও ফেনী-১ এর সঙ্গে প্রথমবারের মত দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জানান তিনি।
দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়ার নাম ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সেইসঙ্গে এ আসনে থেকে মনোনয়ন প্রত্যাশী অন্যরা দলীয় প্রধানের পক্ষে প্রচারে নামেন।
প্রসংগত, দিনাজপুর শহরে খালেদা জিয়ার জন্ম ও শৈশবের বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনো এই এলাকার প্রার্থী হননি। এবারই প্রথম তিনি দিনাজপুর আসন থেকে নির্বাচন করছেন। এরআগে সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে এর আগে সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশীদ জাহান হক।