।।বিকে ডেস্ক।।
দেশ পরিচালনায় বিএনপি সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার ৩১ জুলাই জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কোনো দলের একার অর্জন নয়, এটা ১৮ কোটি মানুষের অর্জন। জুলাইয়ের চেতনাই ছিল রাষ্ট্র কাঠামোর সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, ন্যায়বিচারের বাংলাদেশ। সেই চেতনায় জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন জানিয়ে জুলাইয়ের শুরু থেকে আজ পর্যন্ত আপসহীন ভূমিকা রেখে আসছে।
বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি সরকার যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোড়ে মোড়ে চাঁদাবাজ তৈরি করছে।
জামায়াত আমির বলেন, জুলাই চেতনা থেকে সরে আসতে আপসের যত প্রস্তাব এসেছে, জামায়াতে ইসলামী তা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। আমরা বলেছি, বরাবরই জবাব দিয়েছি- আপনারা গণভোটের পক্ষে কথা বলে আজ অস্বীকার করছেন, আমরা গণটেভোর পক্ষে কথা বলে আজও স্বীকার করছি, আগামীতেও করব। আমরা রাষ্ট্র সংস্কারের দাবি থেকে একচুলও পিছিয়ে যাব না।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করার এখনো সময় আছে। ভুল সবার হতে পারে, ব্যক্তি, দল ও সরকারও ভুল করতে পারে। ভুলের ওপর অটুট থাকা যাবে না। সরকার গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে যে ভুল করেছে, সেই ভুল থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সর্বত্র নির্লজ্জভাবে দলীয়করণ চলছে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে সরকার দলীয় লোকজন নিয়োগ দিয়ে দলীয় প্রতিষ্ঠানে রূপ দিয়েছে। এ সরকার পতিত ফ্যাসিবাদী সরকারের পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে হবে।